ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দু? জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি

আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হওয়া নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। রবিবার দলের ‘গৃহ সম্পর্ক’ অভিযানে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়েছেন, দল চাইলে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়াই করতে পারেন। বিজেপির এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতির অন্দরমহলে আলোচনার ঝড় উঠেছে। গেরুয়া শিবিরের দাবি, যে প্রার্থীই দাঁড়াক না কেন, ভবানীপুরে হারের মুখ দেখতে হবে তৃণমূল নেত্রীকে।
বিজেপির এই ‘হেভিওয়েট’ লড়াইয়ের তত্ত্বকে অবশ্য আমল দিতে নারাজ শাসকদল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা আক্রমণ করে দাবি করেছেন, নন্দীগ্রামেই নিজের পায়ের তলার মাটি হারাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাই এখন অন্য আসনের গল্প ফাঁদছেন তিনি। ভবানীপুরে বিজেপির এই চ্যালেঞ্জকে তৃণমূলের তরফে ‘রাজনৈতিক কৌশল’ হিসেবেই দেখা হচ্ছে।
২০২৬ সালের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রটি এখন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। নন্দীগ্রামের পর ভবানীপুরেও মমতা বনাম শুভেন্দু লড়াইয়ের প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে বিজেপি। অন্যদিকে, নিজেদের গড় রক্ষায় মরিয়া তৃণমূল। শেষ পর্যন্ত এই কেন্দ্রে হাইভোল্টেজ লড়াই দেখা যায় কি না, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মহল।