ভবানীপুরে রণক্ষেত্র শাহের রোড শো ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মনোনয়ন জমা শুভেন্দুর

ভবানীপুরে বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ লড়াইকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট চত্বর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচীতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মুখ্যমন্ত্রীর বাসভবনের সন্নিকটে বিজেপির রোড শো পৌঁছাতেই তৃণমূল কর্মী-সমর্থকরা কালো পতাকা ও ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়।
বিক্ষোভ ও পালটা স্লোগান ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে নিরাপত্তা খাতিরে অমিত শাহ ছাদখোলা গাড়ি ছেড়ে অন্য একটি গাড়িতে চড়ে বসেন। এই চরম উত্তেজনার আবহেই সার্ভে বিল্ডিংয়ে গিয়ে নিজের মনোনয়ন দাখিল করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
বিক্ষোভের মধ্যেই হাজরা থেকে ফের ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়েছেন অমিত শাহ। তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে বাংলায় পরিবর্তন অনিবার্য এবং মানুষই এই সরকারকে ক্ষমতাচ্যুত করবে। শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে তিনি প্রতিশ্রুতি দেন যে, বিজেপি ক্ষমতায় এলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে।