ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অশান্তি: সিসিটিভি ফুটেজে চিহ্নিতদের নোটিস পাঠাচ্ছে লালবাজার

ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অশান্তি: সিসিটিভি ফুটেজে চিহ্নিতদের নোটিস পাঠাচ্ছে লালবাজার

ভবানীপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশকে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং ভিডিও খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িত প্রায় ৩৫-৪০ জনকে চিহ্নিত করেছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই অভিযুক্তদের নোটিস পাঠানো শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আয়োজিত ওই রোড শো-কে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে লালবাজার তিনটি পৃথক মামলা দায়ের করেছে।

নিরাপত্তায় গাফিলতির অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা পুলিশের ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়কে কারণ দর্শানোর নোটিস বা শো-কজ করা হয়েছে। অশান্তির সময় সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত এই কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, কীভাবে বড় জমায়েত ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো। উল্লেখ্য, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও।

গত বৃহস্পতিবার হাজরা মোড় থেকে শুরু হওয়া বিজেপির মিছিলটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধস্তাধস্তি বাধে। ঘটনার গুরুত্ব বিচার করে কালীঘাট এবং আলিপুর থানায় বেআইনি জমায়েত ও সরকারি নির্দেশ লঙ্ঘনের অভিযোগে এফআইআর করা হয়। কমিশনের রিপোর্টের ভিত্তিতে এখন দোষীদের আইনি প্রক্রিয়ায় আনার কাজ চালাচ্ছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *