ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই: কালীঘাটে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু শুভেন্দুর

ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই: কালীঘাটে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু শুভেন্দুর

২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্যতম নজরে থাকা কেন্দ্র ভবানীপুরে প্রচার অভিযান শুরু করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শনিবার ইদের সকালে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি কালীঘাট মন্দিরে পুজো দেন এবং দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন। তাঁর আগমনকে কেন্দ্র করে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। পুজো শেষে তিনি এই হাইভোল্টেজ কেন্দ্রে জনসংযোগ ও প্রচার কর্মসূচি শুরু করেন।

প্রচার সূচি অনুযায়ী, শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিভিন্ন এলাকায় পুরনো বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন। তবে প্রচার চলাকালীন চক্রবেড়িয়া এলাকায় তাঁকে লক্ষ্য করে ‘গো-ব্যাক’ স্লোগান ওঠায় পরিস্থিতি সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরাও। পরবর্তীতে এই ঘটনায় কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে থানায় সরব হন তিনি। দিনশেষে তাঁর নিজের কেন্দ্র নন্দীগ্রামে ফেরার কথা রয়েছে।

তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুরে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর এই লড়াই রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ। শাসকদল এই লড়াইয়ে জয়ের বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাসী হলেও, বিজেপি কোমর বেঁধে মাঠে নেমেছে। একদিকে রেড রোডে নমাজে মুখ্যমন্ত্রী, অন্যদিকে কালীঘাটে শুভেন্দুর পুজো— সব মিলিয়ে ভবানীপুরের নির্বাচনী পারদ এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *