ভবানীপুর নিয়ে আবেগঘন মমতা, প্রচারের শুরুতেই কর্মীদের সতর্কবার্তা

নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর নিয়ে আবেগঘন বার্তা দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার চেতলার অহীন্দ্র মঞ্চে আয়োজিত কর্মীসভায় তিনি জানান, এক সময় তাঁর বাড়ি বদলের কথা উঠলেও মায়ের আপত্তিতে তিনি নিজের এলাকা ছাড়েননি। ভবানীপুরের মানুষের সঙ্গে তাঁর আত্মিক যোগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট করেন যে, এই মাটির সঙ্গেই তাঁর আজীবনের সম্পর্ক।
এদিনের সভা থেকে প্রশাসনিক রদবদল নিয়ে কড়া সমালোচনা করেন মমতা। মাত্র কয়েক দিনে একাধিক উচ্চপদস্থ আধিকারিককে সরিয়ে দেওয়ার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি, আগামী সোমবার প্রকাশিত হতে চলা নির্বাচন কমিশনের অতিরিক্ত ভোটার তালিকার দিকেও কড়া নজর রাখতে বলেন তিনি। যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন নেত্রী।
ভোট পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখে দলীয় কর্মীদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিশেষত স্ট্রং রুমের নিরাপত্তায় কোনও ফাঁক না রাখার পরামর্শ দেন তিনি। একুশের নির্বাচনের নন্দীগ্রাম পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, গণনার সময় লোডশেডিংয়ের মতো ঘটনা ঘটতে পারে। তাই জয় নিশ্চিত করতে শেষ মুহূর্ত পর্যন্ত কর্মীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করার আহ্বান জানান তিনি।