ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ ১০ যাত্রী, অন্ধ্রপ্রদেশে বাস ও ট্রাকের সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

অন্ধ্রপ্রদেশের মারকাপুরাম জেলার রায়ভরম গ্রামের কাছে বৃহস্পতিবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরগামী ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর একটি বেসরকারি বিলাসবহুল বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী টিপার লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই দুটি যানবাহনেই দাউদাউ করে আগুন ধরে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসের ভেতরে আটকে পড়ে অন্তত ১০ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বাসের সামনের দিকের কয়েকজন যাত্রী জানলা দিয়ে বেরিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও, পেছনের সারিতে থাকা যাত্রীরা বেরোনোর সুযোগ পাননি। অগ্নিশিখা এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই বাস ও লরিটি ভস্মীভূত হয়ে যায়।
পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। আহত প্রায় ২০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। স্থানীয় বিধায়ক কন্দুলা নারায়ণ রেড্ডি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির তদারকি করছেন।