ভয়াবহ যুদ্ধের আগুনে জ্বলছে তেলের বাজার! ১১২ ডলার ছাড়ালো অপরিশোধিত তেল

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের সরাসরি প্রভাব পড়ল বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১২ ডলারের গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় বিশ্বজুড়ে গভীর সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি যে তেলের দাম ছিল মাত্র ৭২.৪৮ ডলার, কয়েক সপ্তাহের ব্যবধানে তা আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে।
কেন এই অগ্নিমূল্য?
আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘স্ট্রেইট অফ হরমুজ’ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ দুই দেশই এখন একে অপরের তেল ক্ষেত্র ও পারমাণবিক কেন্দ্রে হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেও তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে তারা বাজারে অতিরিক্ত তেল সরবরাহ করবে না।
ভারতের ওপর প্রভাব ও সরকারের পদক্ষেপ
বিশ্ববাজারের এই অস্থিরতার আঁচ লেগেছে ভারতেও। দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করেছে। এই সংকট মোকাবিলায় ভারত সরকার বিকল্প পথে হাঁটা শুরু করেছে। একদিকে যেমন ইরান সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলো বের করার চেষ্টা চলছে, অন্যদিকে রাশিয়া, আমেরিকা এবং ব্রাজিল থেকেও তেল আমদানি বাড়ানো হচ্ছে। একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর ওপরও জোর দিচ্ছে কেন্দ্র।