ভয়াবহ হামলার মুখে ফারুক আবদুল্লা, গুলিতে জখম উপ মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লার ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাস এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। ফারুক আবদুল্লা অক্ষত থাকলেও আততায়ীর গুলিতে জখম হয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলের বর্তমান উপ মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ রয়্যাল পার্ক এলাকায় অনুষ্ঠান সেরে বেরোনোর সময় আচমকাই ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকবাজ। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি হাড়হিম করা ভিডিওতে দেখা যাচ্ছে, সপার্ষদ হেঁটে যাওয়ার সময় পিছন থেকে অত্যন্ত কাছ থেকে ফারুককে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই সময় তাঁর পাশেই ছিলেন উপ মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার পরামর্শদাতা নাসির আসলাম ওয়ানি। হামলায় সুরিন্দর চৌধুরী আহত হলেও অল্পের জন্য রক্ষা পান ফারুক আবদুল্লা। হামলাকারীকে ইতিমধ্য়েই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এই ঘটনার পর উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, “ঈশ্বরের কৃপায় বাবা বেঁচে গিয়েছেন। তবে আমার একটাই প্রশ্ন, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া একজন ব্যক্তির এত কাছে অস্ত্র নিয়ে হামলাকারী পৌঁছল কী করে? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।”