ভয় পেয়েছে তৃণমূল! হুগলিতে দেওয়াল লিখন ও মনোনয়ন ঘিরে রণক্ষেত্র আরামবাগ

হুগলিতে নির্বাচনী প্রচারের শুরুতেই রাজনৈতিক পারদ তুঙ্গে। তৃণমূলের দেওয়াল লিখনকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী সন্তু পান। তাঁর দাবি, পরাজয় নিশ্চিত জেনে ভয় পেয়েছে তৃণমূল, তাই এলাকায় ‘জর্দা পান’ লিখে কুরুচিকর প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি রাজ্যে আলুচাষীদের ফসলের ন্যায্য দাম না পাওয়ার বিষয়টি তুলে ধরে সরকারের ব্যর্থতা নিয়ে সরব হন তিনি।
অন্যদিকে, আরামবাগে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনিক অব্যবস্থা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসডিও কার্যালয় চত্বরে পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ও পুলিশি নজরদারির অভাবে দীর্ঘক্ষণ যানজট তৈরি হওয়ায় নাজেহাল হন সাধারণ মানুষ। দলীয় কর্মীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশাসন এই পরিস্থিতি তৈরি হতে দিয়েছে। ফলে অফিসযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও প্রশাসনের আগাম পরিকল্পনার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন মনোনীত প্রার্থীরা। বিশৃঙ্খলার জেরে প্রার্থীদের নিরাপত্তাকর্মীদেরও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া না মিললেও, মনোনয়ন পর্বের প্রথম দিনেই প্রশাসনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।