ভরা দুপুরে বন্দুক দেখিয়ে গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতি বোরখা পরিহিত মহিলার, ভাইরাল ভিডিও

উত্তরপ্রদেশের অযোধ্যায় ভরা দুপুরে একটি গয়নার দোকানে বোরখা পরিহিত এক মহিলার দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রুদৌলি থানা এলাকার আগরওয়াল কমপ্লেক্সের একটি দোকানে বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ওই মহিলা প্রথমে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন এবং সুযোগ বুঝে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কর্মীদের ভয় দেখিয়ে গয়না নিয়ে চম্পট দেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই মহিলা প্রায় ২৬ গ্রাম ওজনের সোনার গয়না লুট করেছেন, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩.৮ লক্ষ টাকা। ফুটেজে দেখা গেছে, সোনা ছিনিয়ে নেওয়ার পর তিনি পিস্তল দেখিয়ে কর্মীদের ঠেকিয়ে রাখেন এবং বাইরে অপেক্ষায় থাকা এক সহযোগীর সঙ্গে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ ইতিমধ্য়েই এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের শনাক্ত করতে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতির সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি সম্ভবত খেলনা বা নকল পিস্তল ছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে এবং খুব দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে বলে পুলিশ আশাবাদী। এই ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
उत्तर प्रदेश के अयोध्या में बुर्के वाली महिला ने पिस्टल तानकर ज्वेलरी लूटी, बुर्का पहने महिला कस्टमर बनकर ज्वेलरी शॉप में घुसी और पिस्टल दिखाकर सोने का हार और चेन लूटकर ले गई…#UttarPradesh #Ayodhya #UPPolice #Crime #CCTV #Nedricknews @Uppolice @ayodhya_police pic.twitter.com/qLmqBOS8D6
— Nedrick News (@nedricknews) April 3, 2026