ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে অস্ত্র ও তাজা বোমা উদ্ধার

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে নতুন থানা উদ্বোধনের আগের রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশি অভিযানে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করা হয়েছে। উত্তর কাশীপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বানিয়ারা গ্রামে হানা দেয় এবং এই সাফল্য পায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার উত্তর কাশীপুর থানা ভেঙে নবনির্মিত বিজয়গঞ্জ বাজার থানার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল। তার আগেই বানিয়ারা গ্রামের বাসিন্দা সামিম খাঁন নামে এক আইএসএফ কর্মীর বাড়িতে তল্লাশি চালিয়ে ২৮টি তাজা বোমা ও একটি দেশি বন্দুক উদ্ধার করেন তদন্তকারীরা। ঘটনার পর থেকেই পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সম্প্রতি ওই এলাকায় তৃণমূল নেতা খাইরুল ইসলামের ওপর হামলা ও বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এই বিপুল অস্ত্র উদ্ধার প্রশাসনের তৎপরতাকে আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।