ভাঙড়ে ড্রাম বিস্ফোরণে মৃত্যু বালকের, আট দিনের লড়াই শেষ হাসপাতালে

ভাঙড়ে ড্রাম বিস্ফোরণে মৃত্যু বালকের, আট দিনের লড়াই শেষ হাসপাতালে

ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণে গুরুতর জখম বালক সাদিকুল আহমেদের আট দিনের লড়াই শেষ হলো। বুধবার ভোরে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। গত মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি ক্যানিং বিধানসভার খড়গাছি এলাকায় রাস্তা সংস্কারের কাজে রাখা একটি দাহ্য পদার্থের ড্রাম হঠাৎ ফেটে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছিল।

বিস্ফোরণের তীব্রতায় সাদিকুলের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ঘটনার দিন ড্রামের পাশে খেলাধুলা করার সময় আরও তিন শিশু আহত হয়, যাদের মধ্যে দু’জন এখনও চিকিৎসাধীন। এই মর্মান্তিক পরিণতির খবরে সাদিকুলের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হবে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও ফরেনসিক দল। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে অসুরক্ষিত অবস্থায় দাহ্য পদার্থ কেন রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙড় ডিভিশনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাস্তা মেরামতির কাজে নিরাপত্তা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *