ভাঙড়ে বুথ দখল ও রিগিং রুখতে কড়া হুঁশিয়ারি কলকাতা পুলিশ কমিশনারের

ভাঙড়ে বুথ দখল ও রিগিং রুখতে কড়া হুঁশিয়ারি কলকাতা পুলিশ কমিশনারের

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এরই মধ্যে ভাঙড় এলাকায় অশান্তির খবর মেলায় পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। রবিবার সকালে ভাঙড় থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন তিনি। সেখানে স্পষ্ট জানানো হয়, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে চলতে হবে এবং যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে।

বৈঠক শেষে নগরপাল কড়া বার্তায় জানান, বুথ জ্যাম, বুথ দখল বা ভোট রিগিংয়ের মতো কোনো ঘটনা বরদাস্ত করা হবে না। বর্তমানে ভাঙড় কলকাতা পুলিশের আওতাধীন হওয়ায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এলাকায় নিয়মিত নাকা তল্লাশি ও কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে কলকাতা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অন্যদিকে, দক্ষিণ শহরতলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে নরেন্দ্রপুর, সোনারপুর ও বারুইপুর থানা পরিদর্শন করেন প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই। তিনিও স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বুথ ভিত্তিক নিরাপত্তা ও ভোটের প্রস্তুতি পর্যালোচনা করেন। ভোট গ্রহণের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে গোটা এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *