ভাঙড়ে সায়নীর মেগা শো, নওশাদকে নিয়ে ভরা সভায় বিস্ফোরক দাবি যাদবপুরের সাংসদের

ভাঙড়ের হাইভোল্টেজ লড়াইয়ে এবার আসরে সায়নী ঘোষ। রবিবার ভাঙড়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে ভাঙড় ও আইএসএফ ফ্যাক্টর নিয়ে বড় মন্তব্য করলেন তিনি।
সায়নীর সাফ কথা, ভাঙড়ে আইএসএফ কোনও ফ্যাক্টরই নয়। গত লোকসভা নির্বাচনে তাঁকে নিয়েও অনেক চর্চা হয়েছিল, কিন্তু মানুষ উন্নয়নের পক্ষেই রায় দিয়েছে। এদিন শওকত মোল্লার পাশে দাঁড়িয়ে সায়নী প্রশ্ন তোলেন গত কয়েক বছরের উন্নয়ন নিয়ে। তাঁর দাবি, শওকত মোল্লার নেতৃত্বে একদিনেই ভাঙড়ে ৬৫টি রাস্তার কাজ হয়েছে এবং সাংসদ তহবিল থেকেও ১ কোটি ৮০ লক্ষ টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে। নওশাদ সিদ্দিকীকে চ্যালেঞ্জ ছুড়ে সায়নী বলেন, উনি উন্নয়নের হিসাব দিন।
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ তপ্ত। একদিকে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, অন্যদিকে পুলিশ কমিশনার অজয় নন্দার এলাকা পরিদর্শন— সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত। এই আবহে জাগুলগাছির জনসভা থেকে সায়নী ঘোষ স্পষ্ট করে দিলেন যে, ধর্মীয় মেরুকরণ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর ভর করেই ভাঙড় জয় করবে তৃণমূল।