ভাটপাড়ায় তুঙ্গে অশান্তি ফের আক্রান্ত বিজেপি কর্মীর পরিবার প্রাণনাশের হুমকির অভিযোগে ব্যাপক উত্তেজনা

ভাটপাড়ায় তুঙ্গে অশান্তি ফের আক্রান্ত বিজেপি কর্মীর পরিবার প্রাণনাশের হুমকির অভিযোগে ব্যাপক উত্তেজনা

ভাটপাড়ায় অশান্তির রেশ কিছুতেই কাটছে না। সোমবার বাড়ি ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ ওঠার পর মঙ্গলবার ফের আক্রান্ত হলেন বিজেপি কর্মী অমিত সাউ ও তাঁর পরিবারের সদস্যরা। দফায় দফায় হামলার জেরে বর্তমানে চরম আতঙ্কে দিন কাটছে ওই পরিবারের।

অমিত সাউয়ের অভিযোগ, মঙ্গলবার সকালে একদল দুষ্কৃতী আচমকা তাঁর বাড়িতে চড়াও হয় এবং সপরিবারে তাঁকে খুনের হুমকি দিয়ে যায়। ঘটনার সূত্রপাত গত রবিবার, যখন অমিত সাউ বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’য় অংশ নিয়েছিলেন। পরিবারের দাবি, ওই কর্মসূচিতে যোগ দেওয়ার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর আগে সোমবার তাঁদের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং গুলিও ছোঁড়া হয় বলে অভিযোগ। সেই ঘটনায় ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশি তল্লাশি চললেও দুষ্কৃতীদের দমানো সম্ভব হয়নি।

আক্রান্তের স্ত্রী সঙ্গীতা সাউ জানান, অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর পালটা অভিযোগ, পুলিশ-প্রশাসনের মদত থাকাতেই দুষ্কৃতীরা পর পর দুদিন হামলা চালানোর সাহস পেয়েছে।

যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এটি সম্পূর্ণ ব্যক্তিগত দেনা-পাওনার বিবাদ। এমনকি অভিযোগকারীদের বিরুদ্ধেই পালটা তোপ দেগেছেন তিনি। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে এবং পুলিশি নজরদারি জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *