ভাড়ার বিতণ্ডায় যাত্রীর আঙুল কামড়ে ছিঁড়লেন ক্যাবচালক, পুণেতে চাঞ্চল্য

পুণেতে অ্যাপ-ক্যাব ভাড়া নিয়ে বচসার জেরে এক যাত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। গত ১৬ মার্চ হিঞ্জেওয়াড়ি আইটি পার্ক এলাকায় এই নজিরবিহীন ঘটনাটি ঘটে। ৪২ বছর বয়সী এক তথ্যপ্রযুক্তি কর্মী অফিস থেকে বাড়ি ফেরার জন্য ক্যাব বুক করলে বিবাদের সূত্রপাত হয়। অ্যাপের নির্দিষ্ট ভাড়ার বদলে চালক জোরপূর্বক ‘মিটার’ অনুযায়ী টাকা দাবি করায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
আক্রান্ত যাত্রীর অভিযোগ, তর্কাতর্কির এক পর্যায়ে অভিযুক্ত চালক তাঁর ওপর চড়াও হন এবং বাম হাতের দুটি আঙুলে সজোরে কামড় দেন। এতে একটি আঙুল আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর জখম হন। ঘটনার পর ওই ব্যক্তি থানায় অভিযোগ জানালে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। প্রাথমিক চিকিৎসার পর যাত্রীর বয়ান অনুযায়ী একটি এফআইআর দায়ের করা হয়েছে।
হিঞ্জেওয়াড়ি থানা পুলিশ অভিযুক্ত ক্যাবচালককে ইতিমদ্যে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে গুরুতর আঘাত ও ইচ্ছাকৃত অপমানের মামলা রুজু করে তাঁকে আদালতে পেশ করা হয়েছে। ক্যাব চালকদের এহেন মারমুখী আচরণে যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। তবে এই চাঞ্চল্যকর ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট অ্যাপ-ক্যাব সংস্থাটি এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি প্রদান করেনি।