“ভাতা নিলে ভাতার হওয়া যাবে না!” — বিজেপি বিধায়ক অসীম সরকারের মন্তব্যে তুমুল বিতর্ক, পালটা আক্রমণ তৃণমূলের

হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার এক জনসভায় রাজ্য সরকারের ভাতা প্রকল্প নিয়ে তীব্র কটাক্ষ করে বির্তকে জড়িয়েছেন। ‘পরিবর্তন যাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত ওই সভায় তিনি বলেন, ভাতার লোভে তৃণমূলকে ভোট দিলে ভবিষ্যতে আত্মনির্ভর হওয়া সম্ভব নয়। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।
বিধায়কের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, অসীম সরকারের ব্যবহৃত ভাষা অত্যন্ত কুরুচিকর এবং তা বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে। উসকানিমূলক এই মন্তব্যের ফাঁদে সাধারণ মানুষকে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। পালটা যুক্তিতে বিধায়ক তার বক্তব্যের ভাষাগত ব্যাখ্যা দিলেও বিতর্ক থামছে না।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকারের নতুন ভাতা প্রকল্প চালুর ঘোষণাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। রেশন দুর্নীতি ও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার মতো ইস্যুগুলো নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, ঠিক তখনই অসীম সরকারের এই আক্রমণাত্মক মন্তব্য নতুন করে বিতর্কের জোগান দিয়েছে।