ভারতের জ্বালানি সংকট নিয়ে গুজব উড়িয়ে দিল কেন্দ্র, চীন অভিমুখে তেল পাঠানোর খবর ভিত্তিহীন

ইরান থেকে আসা ভারতের অপরিশোধিত তেলের চালান পেমেন্ট জটিলতার কারণে চীনে সরিয়ে নেওয়া হয়েছে—এমন জল্পনা সম্পূর্ণ খারিজ করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। সরকার স্পষ্ট জানিয়েছে, ভারত বর্তমানে ৪০টিরও বেশি দেশ থেকে তেল আমদানি করে, ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। ভারতের জন্য বরাদ্দ তেলের চালান সম্পূর্ণ নিরাপদ এবং আমদানির ক্ষেত্রে কোনো ধরণের আর্থিক লেনদেনজনিত সমস্যা সৃষ্টি হয়নি।
মন্ত্রকের ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক তেল বাণিজ্যে সমুদ্রপথে জাহাজের গন্তব্য পরিবর্তন একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। ‘বিল অফ ল্যান্ডিং’-এ উল্লিখিত গন্তব্যই সবসময় চূড়ান্ত হয় না; বাণিজ্যিক কারণে মাঝপথে জাহাজ অন্য বন্দরে যেতেই পারে। এই সাধারণ ঘটনাকে ভিত্তি করে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। সরকার আশ্বস্ত করেছে যে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও ভারতের তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা মজবুত রয়েছে।
এলপিজি (LPG) সরবরাহ নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানানো হয়েছে। প্রায় ৪৪ হাজার টন এলপিজি নিয়ে ‘সি বার্ড’ নামের জাহাজটি ইতিমধ্যেই ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছেছে এবং গ্যাস খালাসের কাজ শুরু হয়েছে। এর আগে ‘গ্রিন সানভি’ নামের আরও একটি জাহাজ হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে। ফলে দেশে রান্নার গ্যাসের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
সামগ্রিক পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে অনুরোধ করেছে কেন্দ্র। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সরকার আন্তর্জাতিক বাজারের ওপর কড়া নজরদারি রাখছে এবং বর্তমান মজুত সাধারণ চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত।