ভারতের ‘হামলা’র জবাবে কলকাতা পর্যন্ত পৌঁছানোর হুঁশিয়ারি পাক মন্ত্রীর, নেটপাড়ায় উপহাস

ভারত যদি ভবিষ্যতে মিথ্যা অজুহাতে কোনো অভিযানের পরিকল্পনা করে, তবে পাকিস্তান পালটা জবাবে কলকাতা পর্যন্ত পৌঁছে যাবে বলে হুমকি দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। শনিবার শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, নয়াদিল্লি ফের একটি ‘সাজানো’ হামলার ছক কষছে। এই কাল্পনিক অভিযানে স্থানীয় বাসিন্দা অথবা ভারতীয় হেপাজতে থাকা পাকিস্তানি বন্দিদের ব্যবহার করে নাটক সাজানো হতে পারে বলেও দাবি করেন তিনি।
সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দেওয়া কড়া হুঁশিয়ারির প্রেক্ষিতেই আসিফের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। পাক মন্ত্রীর দাবি, ভারত যদি আবারও এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে, তবে পাকিস্তান তার যোগ্য জবাব দেবে এবং সেই যুদ্ধের আঁচ কলকাতা পর্যন্ত পৌঁছাবে। তবে নিজের এই চাঞ্চল্যকর দাবির সপক্ষে আসিফ কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা তথ্য পেশ করতে পারেননি।
পাক প্রতিরক্ষামন্ত্রীর এই হুমকির ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ একে ‘ফাঁপা হুঁশিয়ারি’ বলে কটাক্ষ করেছেন, আবার অনেকে ১৯৭১ সালের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে পাকিস্তানকে ইতিহাস চর্চার পরামর্শ দিয়েছেন। সাধারণ মানুষের মতে, অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট থেকে নজর ঘোরাতেই এমন উসকানিমূলক ও ভিত্তিহীন মন্তব্য করছেন পাকিস্তানি নেতারা।