ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার গড়ছে গুগল, আদানি গোষ্ঠীর সঙ্গে মেগা চুক্তি

ভারতে বিনিয়োগের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার হাব তৈরি করতে চলেছে টেক জায়ান্ট গুগল। অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে হওয়া চুক্তির ভিত্তিতে আগামী ২৮ এপ্রিল এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রায় ১.৪০ লক্ষ কোটি টাকা বা ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের এই প্রকল্পটি ভারতের ইতিহাসে এযাবৎকালের বৃহত্তম একক সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) হিসেবে গণ্য হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং অনকাপল্লী জেলায় মোট তিনটি বিশাল ক্যাম্পাস জুড়ে এই ডেটা সেন্টার হাব বিস্তৃত থাকবে। যার মধ্যে রয়েছে আদাভিবরম, তরলুওয়াডা এবং রামবিল্লি অঞ্চল। ১ গিগাওয়াট (GW) ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এবং গুগল ক্লাউড-এর সিইও থমাস কুরিয়ানসহ শীর্ষস্থানীয় আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে আদানি ইনফ্রার সঙ্গে বিশেষ অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে গুগলের সহযোগী সংস্থা ‘রাইডেন ইনফোটেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’। প্রকল্পের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর মধ্যে রামবিল্লিতে ১৭৪.৮ একর, তরলুওয়াডায় ২৬৬.৬ একর এবং আদাভিবরম ও মুদাসারলোভায় ১৬০ একর জমি নির্দিষ্ট করা হয়েছে। আদানি গোষ্ঠী এই কাজের জন্য পৃথক ‘স্পেশাল পারপাস ভেহিকেল’ তৈরি করেছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের জুলাই মাসের মধ্যে এই তিনটি হাই-এন্ড ডেটা সেন্টার সম্পূর্ণ কার্যকর হবে। এই পরিকাঠামোয় তিনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সাবমেরিন কেবল, বিশেষ কেবল ল্যান্ডিং স্টেশন এবং উন্নত মেট্রো ফাইবার লাইনের মতো অত্যাধুনিক টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করা হবে। বিশাখাপত্তনমের এই ক্লাস্টারটি এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার হাব হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে বিশ্বের ১১টি দেশের ২৯টি স্থানে গুগলের ডেটা সেন্টার থাকলেও ভারতে এটিই হতে যাচ্ছে তাদের প্রথম ও বৃহত্তম উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে ভারত বিশ্ব প্রযুক্তির মানচিত্রে ডেটা স্টোরেজ ও প্রসেসিংয়ের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হবে। বিশাল এই বিনিয়োগ স্থানীয় অর্থনীতিতে গতির সঞ্চার করার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।