ভারতে কেন আসাম্ভব অস্কার-স্টাইল ‘রোস্ট’? বিস্ফোরক বীর দাস

জনপ্রিয় কৌতুক অভিনেতা বীর দাস সম্প্রতি ভারতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে আন্তর্জাতিক মানের ‘রোস্ট’ বা তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক সঞ্চালনা না থাকার কারণ ব্যাখ্যা করেছেন। অস্কারের মঞ্চে রিকি গার্ভাইস বা কোনান ও ব্রায়ানের মতো সঞ্চালকরা যেভাবে তারকাদের নিয়ে ঠাট্টা করেন, ভারতের প্রেক্ষাপটে তা কার্যত আসাম্ভব বলে তিনি মনে করেন। বীর দাসের মতে, আন্তর্জাতিক স্তরে কমেডিয়ানরা তারকাদের মানবিক ও সাধারণ হিসেবে তুলে ধরেন, যা সেখানে সাদরে গৃহীত হয়।
ভারতীয় বিনোদন জগতের বাস্তবতা তুলে ধরে বীর জানান, এখানে তারকাদের মধ্যে এক ধরনের আভিজাত্য বা ইগো কাজ করে। সমপর্যায়ের কেউ না হলে তারা এই ধরনের রসিকতা সহজে গ্রহণ করতে পারেন না। এছাড়া এখানে সঞ্চালক ও তারকাদের মধ্যে ক্ষমতার ভারসাম্যহীনতা বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। বীরের পর্যবেক্ষণ অনুযায়ী, ভারতে বড় কোনো তারকা সঞ্চালনা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যা দর্শকদের কাছে হাস্যরসের বদলে অস্বস্তিকর মনে হতে পারে।
বর্তমানে বীর দাস তার পরিচালিত প্রথম ছবি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আন্তর্জাতিক মঞ্চে টিমোথি শ্যালামের মতো তারকারা যেভাবে নিজেদের নিয়ে করা মস্করা উপভোগ করেন, ভারতে সেই মানসিকতার অভাব রয়েছে বলে তিনি দাবি করেন। পরিশেষে বীর দাসের বক্তব্য স্পষ্ট, যতক্ষণ না তারকাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতায় পরিবর্তন আসছে, ততক্ষণ ভারতে অস্কার-শৈলীর সাহসী সঞ্চালনা কেবল আলোচনার বিষয় হিসেবেই সীমাবদ্ধ থাকবে।