ভারতে তিন দশকে দ্বিগুণ স্তন ক্যানসার, তরুণীদের ঝুঁকি নিয়ে উদ্বেগ

ল্যানসেট জার্নালের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, গত তিন দশকে ভারতে স্তন ক্যানসারের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। ১৯৯০ সালের তুলনায় বর্তমানে আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই বিশ্বজুড়ে ২০৫০ সালের মধ্যে বার্ষিক মৃত্যু ১১ লক্ষে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। বিশেষত ভারতে কমবয়সি মহিলাদের মধ্যে এই রোগের ক্রমবর্ধমান হার বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
চিকিৎসকদের মতে, অনিয়মিত জীবনযাপন, স্থূলতা, দেরিতে সন্তান গ্রহণ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন এই মারণ রোগের প্রধান কারণ। এছাড়া শারীরিক পরিশ্রমের অভাব ও তামাকজাত দ্রব্যের ব্যবহার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে উন্নত দেশগুলোতে সচেতনতার কারণে মৃত্যুহার কমলেও, ভারতের মতো উন্নয়নশীল দেশে রোগ শনাক্তকরণে বিলম্ব হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে।
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় অত্যন্ত জরুরি। ৪০ ঊর্ধ্ব মহিলাদের নিয়মিত ম্যামোগ্রাফি এবং অল্পবয়সিদের প্রতি মাসে নিজে নিজে স্তন পরীক্ষা (BSE) করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্তনে কোনো অস্বাভাবিক পিণ্ড, আকার পরিবর্তন বা নিপল থেকে ক্ষরণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখাই এর প্রধান প্রতিকার।