ভারত-কানাডা সম্পর্কে নতুন মোড়, কার্নির দিল্লি সফরের আগে অটোয়ার ইতিবাচক বার্তা

ভারত-কানাডা সম্পর্কে নতুন মোড়, কার্নির দিল্লি সফরের আগে অটোয়ার ইতিবাচক বার্তা

দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রধানমন্ত্রী মার্ক কার্নির আসন্ন নয়াদিল্লি সফরের ঠিক আগে কানাডা সরকার জানিয়েছে, সে দেশে সংঘটিত সহিংস অপরাধের সঙ্গে ভারতের কোনো যোগসূত্র আর নেই। টরন্টো স্টারে প্রকাশিত প্রতিবেদনে এক শীর্ষ আধিকারিক নিশ্চিত করেছেন যে, দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরে কূটনৈতিক যোগাযোগ বর্তমানে অত্যন্ত দৃঢ়।

উল্লেখ্য, ২০২৩ সালে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে জাস্টিন ট্রুডোর আনা অভিযোগের পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। ভারত সেই অভিযোগকে শুরু থেকেই ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করে আসছিল। তবে বর্তমানে অটোয়া বাস্তববাদী কূটনীতির পথে হেঁটে ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী। বিশেষ করে মার্কিন নীতির অনিশ্চয়তার মুখে কানাডা এখন ভারতের বিশাল বাজারকে গুরুত্ব দিচ্ছে।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কার্নির ভারত সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। মুম্বই ও নয়াদিল্লি সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। তেল, গ্যাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব গড়াই এই সফরের মূল লক্ষ্য। অতীতের উত্তেজনা কাটিয়ে দুই দেশের সম্পর্ক এখন এক নতুন অধ্যায়ে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *