ভারত-পাকিস্তান সীমান্তে ‘প্রচণ্ড’ হেলিকপ্টার ওড়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার রাজস্থানের জয়সলমেরে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে বায়ুসেনার হালকা কম্ব্যাট হেলিকপ্টার ‘প্রচণ্ড’-এ উড়ান সম্পন্ন করেছেন। অলিভ-সবুজ ফ্লাইং স্যুট পরিহিত রাষ্ট্রপতি সহ-পাইলট হিসেবে ২৫ মিনিটের এই যাত্রায় অংশ নেন। এটি ভারতের সামরিক সক্ষমতার প্রতি তাঁর দৃঢ় আস্থার এক নজির।
আকাশ থেকে দেশবাসীর উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, “প্রচণ্ড আত্মনির্ভর ভারতের শক্তিশালী প্রতীক।” জয়সলমের এয়ার ফোর্স স্টেশন থেকে উড্ডয়নের পর তিনি ভারতীয় সেনার বীরত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। রাফাল ও সুখোই-৩০ এমকেআই-এর পর এবার ‘প্রচণ্ড’-এ চড়ে তিনি নতুন মাইলফলক স্পর্শ করলেন।
এইচএএল-নির্মিত ‘প্রচণ্ড’ ভারতের প্রথম স্বদেশে তৈরি লাইট কম্ব্যাট হেলিকপ্টার। অত্যাধুনিক প্রযুক্তি ও মারণাস্ত্র সমৃদ্ধ এই হেলিকপ্টার বায়ুসেনার যুদ্ধক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। বায়ুসেনা প্রধানের উপস্থিতিতে রাষ্ট্রপতির এই ঐতিহাসিক উড্ডয়ন দেশের আত্মনির্ভর সামরিক সক্ষমতার বার্তাকে আরও জোরালো করল।