ভারত-পাক পরমাণু যুদ্ধ রুখে দেওয়ার দাবি ট্রাম্পের

মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তার হস্তক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। রিপাবলিকান এই নেতার মতে, তিনি উদ্যোগী না হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রাণ হারাতে পারতেন। ক্ষমতায় ফেরার প্রথম দশ মাসেই তিনি মোট আটটি যুদ্ধ থামিয়েছেন বলে নিজের কৃতিত্ব জাহির করেন।
গত বছর জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছিল। ট্রাম্পের দাবি, তার মধ্যস্থতাতেই দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। এর আগেও অন্তত ৫০ বার তিনি একই ধরনের দাবি করেছেন। এমনকি ইজরায়েল-হামাসসহ একাধিক আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসনেও নিজের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
তবে ভারত সরকার ট্রাম্পের এই দাবি বরাবরই অস্বীকার করে আসছে। নয়াদিল্লির স্পষ্ট বক্তব্য, তৃতীয় কোনো পক্ষের প্রভাবে নয়, বরং ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্পের এই ক্রমাগত কৃতিত্ব নেওয়ার প্রচেষ্টায় ওয়াশিংটন ও নয়াদিল্লির বাণিজ্যিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।