ভালবেসে বিয়ে করেও শেষ রক্ষা হলো না ৫ মাসের মাথায় শ্বাসরোধ করে গৃহবধূকে খুনের অভিযোগ বেলডাঙায়

ভালবেসে বিয়ে করেও শেষ রক্ষা হলো না ৫ মাসের মাথায় শ্বাসরোধ করে গৃহবধূকে খুনের অভিযোগ বেলডাঙায়

ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাহানাজ খাতুন, কিন্তু সেই ভালোবাসার আয়ু হলো মাত্র পাঁচ মাস। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই ফুরিয়ে গেল প্রেমের টান, আর তার বদলে শুরু হলো অমানুষিক নির্যাতন। মঙ্গলবার সকালে বেলডাঙা থানার সুরুলিয়া গ্রামে গৃহবধূ শাহানাজ খাতুনের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে শ্বাসরোধ করে খুন করেছেন।

মৃতার পরিবারের দাবি, সরুলিয়া গ্রামের মকলেসুর রহমান একপ্রকার জোর করেই শাহানাজকে বিয়ে করেছিলেন। প্রথম দুই মাস সব ঠিকঠাক থাকলেও তারপর থেকেই শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার। এমনকি শাহানাজকে তার বাপের বাড়িতেও যেতে দেওয়া হতো না বলে অভিযোগ। সোমবার গভীর রাতে অত্যাচার চরমে পৌঁছায় এবং শ্বাসরোধ করে তাকে খুন করা হয় বলে দাবি করেছেন শাহানাজের মা। মৃতদেহের গলায় আঙুলের স্পষ্ট দাগ রয়েছে বলেও জানান তিনি।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী মকলেসুর রহমান এবং তার পরিবারের সদস্যরা পলাতক। খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহানাজ খাতুনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে শাহানাজের পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *