ভিআইপি রোডে হকার উচ্ছেদে ঢিলেমি কেন? জেলাশাসকের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট

ভিআইপি রোডের ধার থেকে হকার উচ্ছেদ ও বেআইনি নির্মাণ সরানোর কাজ দু’বছর পরেও থমকে থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। উল্টোডাঙ্গা থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত রাস্তার দু’ধারে সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ কেন কার্যকর হয়নি, তা নিয়ে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে জবাব তলব করেছে আদালত। বুধবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ইতিপূর্বে জবরদখল এলাকা চিহ্নিত করে পূর্ত দফতরের হাইওয়ে ডিভিশনকে উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক। কিন্তু বাস্তবে সেই কাজ না হওয়ায় পুনরায় মামলা দায়ের হয়। লেকটাউন, বাগুইআটি ও বিমানবন্দর চত্বরে খালের জমি বুজিয়ে দোকান ও বসতি গড়ে ওঠার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে বিধাননগর ও দক্ষিণ দমদম পুরসভাকেও রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে মে মাসে।
শুনানি চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, সরকারি জমিতে কোনওভাবেই ব্যক্তিগত মালিকানায় নির্মাণ করা যাবে না। ভিআইপি রোডের দু’ধারে যথেচ্ছ দখলের কারণে যানজট বাড়ছে এবং গাড়ির গতি কমে যাচ্ছে। পুলিশের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট না হয়ে আদালত সাফ জানিয়েছে, সরকারি জমিতে অবৈধ নির্মাণ রোখার মূল দায়িত্ব জেলাশাসকের। আদালতের নির্দেশ বাস্তবায়নে প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।