ভুয়া রেশন কার্ড রুখতে কড়া কেন্দ্র: ৩১ মার্চের মধ্যে ই-কেওয়াইসি বাধ্যতামূলক

গণবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং প্রকৃত গ্রাহকদের পরিষেবা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক। আগামী ৩১ মার্চের মধ্যে দেশের সমস্ত রেশন গ্রাহকের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত আধার সংযোগ, আঙুলের ছাপ এবং মোবাইল নম্বর যাচাইয়ের মাধ্যমে ভুয়া রেশন কার্ড শনাক্ত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। প্রতি পাঁচ বছর অন্তর এই তথ্য যাচাইয়ের পরিকল্পনাও করছে সরকার।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৮ কোটি ৫১ লক্ষ জাল বা ডুপ্লিকেট রেশন কার্ড রয়েছে। এই অযোগ্য গ্রাহকদের তালিকা থেকে বাদ দিতে পারলে কেন্দ্রের প্রায় ৪ হাজার ৩৭৮ কোটি টাকা সাশ্রয় হবে। আয়করদাতা বা সরকারি কর্মচারীদের মতো অযোগ্য ব্যক্তিদের চিহ্নিত করতে রাজ্যগুলিকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। ই-কেওয়াইসি সফল হলে গ্রাহকরা সরাসরি এসএমএসের মাধ্যমে খাদ্যশস্য প্রাপ্তির তথ্য জানতে পারবেন।
কেন্দ্রের এই নির্দেশিকায় রেশন ডিলাররা সহযোগিতা করলেও বকেয়া কমিশনের দাবিতে সরব হয়েছে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু দ্রুত পাওনা মেটানোর দাবি জানিয়েছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ‘খাদ্যসাথী’ প্রকল্প থাকায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের এই কড়াকড়ি রাজ্যে বিশেষ প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে। তবে ডিজিটাল যাচাইকরণ প্রক্রিয়া ১০০ শতাংশ সম্পন্ন করতে বদ্ধপরিকর প্রশাসন।