‘ভূত বাংলা’য় অরিজিৎ-ম্যাজিক, মুগ্ধ অক্ষয় কুমার

প্রিয়দর্শন পরিচালিত আসন্ন হরর-কমেডি ছবি ‘ভূত বাংলা’র নতুন গান ‘তু হি দিসদা’ মুক্তি পেতেই নেটিজেনদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। প্রীতমের সুরে এই রোমান্টিক ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও নিকিতা গান্ধী। প্লে-ব্যাক থেকে অবসরের জল্পনার মাঝে অরিজিতের এই গান ভক্তদের কাছে বড় উপহার হিসেবে ধরা দিয়েছে।
গানে অরিজিতের জাদুকরী কণ্ঠের প্রশংসা করে পর্দার ‘খিলাড়ি’ অক্ষয় কুমার নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। অভিনেতা জানান, অরিজিতের সঙ্গে কাজ করা সবসময়ই এক বিশেষ অনুভূতি। উল্লেখ্য, এই ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল ও রাজপাল যাদবের মতো তারকারা।
অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা কাপুর প্রযোজিত এই ছবিটি আগামী ১০ এপ্রিল রূপালি পর্দায় মুক্তি পেতে চলেছে। ছবির টিজার এবং গান ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। কমেডি ও ভয়ের মিশেলে তৈরি ‘ভূত বাংলা’র হাত ধরে দীর্ঘ সময় পর বড় পর্দায় ফিরছে একঝাঁক জনপ্রিয় অভিনেতা।