ভোটকেন্দ্রে নতুন নিয়ম: ভোটারদের সুবিধায় কমিশনের একগুচ্ছ বড় ঘোষণা

নির্বাচন কমিশন ভোটারদের সুবিধার্থে ও ভোটগ্রহণ প্রক্রিয়া সুশৃঙ্খল করতে একাধিক নতুন নির্দেশিকা জারি করেছে। এখন থেকে প্রতিটি বুথের বাইরে প্রার্থীদের নাম, ভোটদানের নিয়মাবলি এবং প্রয়োজনীয় নথি সংক্রান্ত তথ্য সংবলিত চারটি পোস্টার টাঙানো থাকবে। ভোটার কার্ড ছাড়াও অন্য কোন কোন পরিচয়পত্র গ্রহণ করা হবে, তা স্পষ্ট জানানো হবে। এছাড়া ভোটারদের সহায়তা করতে প্রতিটি কেন্দ্রে বুথ লেভেল অফিসারদের (BLO) উপস্থিতিতে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হবে।
ভোটকেন্দ্রগুলোতে পানীয় জল, পর্যাপ্ত আলো, শৌচাগার, প্রতীক্ষালয় এবং প্রতিবন্ধী ভোটারদের জন্য র্যাম্পের মতো ন্যূনতম পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে মোবাইল ফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ থাকছে। বুথের ১০০ মিটারের মধ্যে মোবাইল সক্রিয় রাখা যাবে না। ভোটারদের ফোন বন্ধ করে নির্দিষ্ট স্থানে জমা রেখে ভোট দিতে হবে এবং প্রক্রিয়া শেষে তা ফেরত পাওয়া যাবে।
পশ্চিমবঙ্গসহ আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির মোট ২ লক্ষ ১৮ হাজার ৮০৭টি বুথে এই ব্যবস্থা কার্যকর হবে। রাজ্যে ২৯৪টি আসনে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট রাজ্যগুলোর মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই পরিকাঠামো নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কমিশন। আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।