ভোটাধিকার ও নাগরিকত্ব ইস্যুতে ময়নাগুড়ির সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

ভোটাধিকার ও নাগরিকত্ব ইস্যুতে ময়নাগুড়ির সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ির ময়নাগুড়িতে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের এই জনসভা থেকে তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ করেন যে, ভোটার তালিকা সংশোধনের (SIR) নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাঁর আশঙ্কা, এনআরসি-র মাধ্যমে ভবিষ্যতে সাধারণ মানুষের নাগরিকত্বও কেড়ে নেওয়া হতে পারে। বিশেষত রাজবংশী সম্প্রদায় ও মহিলাদের নাম বাদ পড়ার বিষয়ে তিনি সরব হন।

বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গ থেকেই লড়াইয়ের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী তৃণমূল প্রার্থীদের মনোনয়ন বাতিল রুখতে বিশেষ আইনি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘস্থায়ী বাসিন্দাদেরও নতুন করে নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করা হচ্ছে, যা অসাংবিধানিক। ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার মোকাবিলায় মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কেন্দ্র ও কমিশনের সমালচনার পাশাপাশি এই সভা থেকে তিনি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ানও তুলে ধরেন।

নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ও বিনামূল্যে রেশনের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলির সাফল্যের কথা স্মরণ করিয়ে দেন। একইসঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসের বুকিং সংক্রান্ত জটিলতা নিয়ে কেন্দ্রকে বিঁধতে ছাড়েননি তিনি। উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষিত হবে ৪ মে। বাংলার মানুষের আশীর্বাদই তাঁর মূল শক্তি বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *