ভোটারদের বাধা দিলেই পুনর্নির্বাচন: বুথের ১০০ মিটারের গণ্ডি পেরিয়ে কড়া হুঁশিয়ারি কমিশনের

রাজ্যে আসন্ন দুই দফার বিধানসভা নির্বাচনে ভোটদানে স্বচ্ছতা বজায় রাখতে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিলের নির্বাচনে কোনও প্রকার অনিয়ম বা হিংসা বরদাস্ত করা হবে না বলে সাফ জানানো হয়েছে। ইতিমধ্য়েই পুলিশ ও প্রশাসনের শীর্ষ স্তরে রদবদল ঘটিয়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রস্তুতি শুরু করেছে কমিশন।
কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র বুথের ১০০ মিটারের মধ্যে নয়, সংশ্লিষ্ট বুথ এলাকার যে কোনও স্থানে ভোটারকে বাধা দিলে বা ভয় দেখালে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হতে পারে। প্রচলিত ধারণা ভেঙে জনপ্রতিনিধিত্ব আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে চাইছে কমিশন। ভোটারদের ভোটকেন্দ্রে আসার পথে আটকানোর অভিযোগ প্রমাণিত হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।
তবে পুনর্নির্বাচনের দাবি কেবল মৌখিক অভিযোগের ভিত্তিতে গ্রাহ্য হবে না। কমিশন জানিয়েছে, কোনও বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়ার আগে অভিযোগের স্বপক্ষে পর্যাপ্ত ও উপযুক্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হবে। স্বচ্ছতা বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই কমিশনের এই বিশেষ পদক্ষেপ।