ভোটার তালিকায় নাম থাকা নিয়ে চরম উদ্বেগ, মালদহে বিএলও-র মৃত্যুতে ছড়াল চাঞ্চল্য

ভোটার তালিকায় নাম থাকা নিয়ে চরম উদ্বেগ, মালদহে বিএলও-র মৃত্যুতে ছড়াল চাঞ্চল্য

মালদহের চাঁচোলে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বুথ লেভেল অফিসার (বিএলও)-র। মৃত উৎপল থোকদার (৫৪) পেশায় এক হাইস্কুলের প্যারাটিচার ছিলেন এবং চাঁচোল ২ নম্বর ব্লকের নদাপাড়া ৯৩ নম্বর বুথের দায়িত্ব সামলাচ্ছিলেন। সোমবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও, ওই এলাকার ১১০ জনের নাম তালিকায় উঠবে কি না, তা নিয়ে তিনি গভীর দুশ্চিন্তায় ছিলেন বলে জানা গেছে।

পরিবারের দাবি, এই বিপুল কাজের চাপ ও মানসিক উদ্বেগের কারণেই রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করেছে। অভিযোগ উঠেছে যে, ভোটার তালিকায় নাম সংশোধন ও সংযোজন নিয়ে তৈরি হওয়া জটিলতা বিএলও-দের ওপর অসহনীয় চাপ সৃষ্টি করছে।

উল্লেখ্য, এসআইআর পর্ব চলাকালীন রাজ্যে ইতিপূর্বেও একাধিক ভোটার ও বিএলও-র মৃত্যু বা আত্মহত্যার ঘটনা ঘটেছে। অনেকেই এই পাহাড়প্রমাণ কাজের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর আগে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অতিরিক্ত তালিকা প্রকাশের ঠিক আগের দিন উৎপল থোকদারের এই আকস্মিক মৃত্যু মালদহ জেলা জুড়ে ফের শোক ও বিতর্কের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *