ভোটার তালিকায় নাম না থাকায় ক্ষোভ ফালাকাটায় পথ অবরোধ করে বাসিন্দাদের বিক্ষোভ

ভোটার তালিকায় নাম না থাকায় ক্ষোভ ফালাকাটায় পথ অবরোধ করে বাসিন্দাদের বিক্ষোভ

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকায় নাম না থাকার অভিযোগ তুলে পথ অবরোধে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন এবং তাঁদের কাছে বৈধ নথিও রয়েছে। তা সত্ত্বেও নতুন তালিকায় নাম না আসায় গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের এবং তাঁদের মা-বাবার নাম অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে এসআইআর তালিকায় নাম না থাকায় তাঁদের শুনানির জন্য ডাকা হয়েছিল। প্রশাসনের নির্দেশ অনুযায়ী শুনানিতে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দিয়েছিলেন তাঁরা। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায়, তাতে তাঁদের নাম নেই। বংশপরম্পরায় বসবাস করার পরেও কেন নাম বাদ গেল, সেই প্রশ্ন তুলেই সরব হয়েছেন কয়েকশো বাসিন্দা।

দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার কারণে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রশাসনিক স্তরে সঠিক পদক্ষেপের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *