ভোটার তালিকায় নাম নেই শিল্পাচার্য নন্দলাল বসুর নাতির, প্রশাসনিক গাফিলতিতে শোরগোল শান্তিনিকেতনে

গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত স্নেহধন্য তথা বিশ্বখ্যাত শিল্পাচার্য নন্দলাল বসুর উত্তরসূরির নামই বাদ পড়ল বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া থেকে। শান্তিনিকেতনের বর্ষীয়ান বাসিন্দা তথা নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেনের নাম তালিকার খসড়া প্রকাশ হওয়ার আগেই বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় প্রশাসনিক স্বচ্ছতা ও কর্মপদ্ধতি নিয়ে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
৮৮ বছর বয়সী সুপ্রবুদ্ধবাবু জানান, ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণ সংক্রান্ত শুনানির জন্য নির্বাচন কমিশনের আধিকারিকরা তাঁদের বাড়িতে গিয়েছিলেন। নিয়ম অনুযায়ী তিনি তাঁর মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র, পাসপোর্ট এবং ডিভিসি-র পিপিও-সহ প্রয়োজনীয় সমস্ত নথিপত্র কমিশনের হাতে তুলে দিয়েছিলেন। এত নথিপত্র জমা দেওয়ার পরেও কেন তাঁদের নাম তালিকাভুক্ত করা হল না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সেন দম্পতি।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমদ্যেই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টিকে চরম ‘পরিহাস’ ও প্রশাসনিক অবহেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তিনিকেতনের বিশিষ্ট মহলের দাবি, যেখানে ঐতিহ্যবাহী পরিবারের সদস্যদের পরিচয়ের এত প্রমাণ রয়েছে, সেখানে এই ধরণের বিচ্যুতি অনভিপ্রেত। ঘটনার গুরুত্ব বিচার করে নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল।