ভোটার তালিকায় নাম ফেরানোর লড়াই মধ্যরাত থেকে ঘাটাল আদালত চত্বরে সাধারণ মানুষের হাহাকার

সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ঘাটাল মহকুমার কয়েক হাজার বাসিন্দা। বাদ পড়া নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার জন্য প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের হলফনামা বাধ্যতামূলক করা হয়েছে। এই এফিডেভিট সংগ্রহের জন্য কাকভোর নয়, বরং রাত ১টা থেকেই আদালতের গেটের সামনে লম্বা লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। এমনকি কোলের সন্তানকে নিয়ে রাতভর অপেক্ষা করতে দেখা গেছে অসহায় মহিলাদেরও।
অভিযোগ উঠেছে, ঘাটাল আদালত থেকে প্রতিদিন মাত্র ৫০টি হলফনামা সম্পন্ন করা হচ্ছে, যা চাহিদার তুলনায় নগণ্য। ঘাটাল বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, এক জন বিচারকের পক্ষে নথিপত্র যাচাই করে এর বেশি কাজ করা কার্যত আসাম্ভব। ফলে শিমুলিয়া বা নাড়াজোলের মতো দূর-দূরান্তের গ্রাম থেকে আসা মানুষরা দিনের পর দিন ফিরে যাচ্ছেন। সকাল হওয়ার আগেই ৫০ জনের কোটা পূর্ণ হয়ে যাওয়ায় অধিকাংশেরই কপালে জুটছে নিরাশা।
এই গণ-হয়রানি নিয়ে রাজনৈতিক বিতর্কও তুঙ্গে উঠেছে। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, যার ফলে এই সংকট তৈরি হয়েছে। অন্যদিকে, সাধারণ নাগরিকরা রাজনীতির ঊর্ধ্বে উঠে দ্রুত এই আইনি জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন। ট্রাইব্যুনালে আবেদনের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার ভয়ে এবং হলফনামা পাওয়ার অনিশ্চয়তায় বর্তমানে দিশেহারা ঘাটালের কয়েক হাজার মানুষ।