ভোটার তালিকায় নাম বাদ পড়ার আতঙ্ক: কালনায় হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

পূর্ব বর্ধমানের কালনায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্কে ৮৩ বছর বয়সী আহমদ আলি শেখের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, চূড়ান্ত ভোটার তালিকায় নিজের ও ছেলেদের নাম খুঁজে না পেয়ে প্রবল মানসিক উদ্বেগে ভুগছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় সাপ্লিমেন্টারি তালিকায় নিজের নাম ‘ডিলিটেড’ বা বাদ পড়ার খবর পাওয়ার পর থেকেই তিনি ভেঙে পড়েন এবং রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, এসআইআরের পর আহমদ আলি ও তাঁর পাঁচ ছেলের নাম বিচারাধীন তালিকায় ছিল। প্রয়োজনীয় তথ্য পেশ করার পরও একের পর এক অতিরিক্ত তালিকায় নাম না ওঠায় আশঙ্কায় ছিলেন ওই বৃদ্ধ। শেষ পর্যন্ত মাত্র একজন ছেলের নাম তালিকায় উঠলেও আহমদ আলির নিজের নাম বাদ পড়ে যায়। সারারাত দুশ্চিন্তায় কাটানোর পর রবিবার বেলা ১টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতের ছেলে আজিজ আলি শেখের দাবি, ভোটার তালিকা থেকে বাদ পড়ার আতঙ্কই তাঁর বাবার মৃত্যুর মূল কারণ। শোকাতুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা নিয়ে এই ধরনের বিভ্রান্তি যেন আর কারও জীবনে এমন করুণ পরিণতি ডেকে না আনে। আহমদ আলির মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও তীব্র উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।