ভোটার তালিকায় বড়সড় রদবদল? ৬০ লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কার মাঝেই কমিশনের বিরাট পদক্ষেপ
/indian-express-bangla/media/media_files/2025/11/27/west-bengal-sir-voter-list-28-lakh-names-deleted-2025-11-27-12-59-15.jpg?w=1200&resize=1200,675&ssl=1)
আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। একদিকে যেমন ভোটার তালিকা থেকে প্রায় ৬০ লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, তেমনই অন্যদিকে বুথ বিন্যাস ও নতুন ভোটকেন্দ্র স্থাপন নিয়ে বড় সিদ্ধান্ত নিল কমিশন। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে।
কমিশন সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানের মোট ৫৭টি আবাসন বা হাইরাইজ বিল্ডিংয়ে নতুন করে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হচ্ছে। এর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এমন ৭৮টি বহুতলের তালিকা পাঠানো হয়েছিল যেখানে ৩০০ থেকে ৫০০ জন ভোটার রয়েছেন। তার মধ্যে ২১টিতে আগেই বুথ ছিল, বাকি ৫৭টিতে এবার নতুন করে বুথ হচ্ছে।
তবে এখনই রাজ্যে পুরোপুরি বুথ পুনর্বিন্যাস বা ‘র্যাশনালাইজেশন’ হচ্ছে না। এর প্রধান কারণ হলো ভোটার তালিকা এখনও চূড়ান্ত হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। সর্বোচ্চ আদালত জানিয়েছে, ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ বা তথ্য যাচাইয়ের কাজ শেষ না হলে কমিশন আপাতত তালিকা প্রকাশ করতে পারবে এবং পরবর্তীতে পরিপূরক তালিকা আনা হবে।
বর্তমানে রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০,৬৮১টি। ভোটারের সংখ্যা বাড়লে প্রায় ১৪ হাজার নতুন বুথ তৈরির প্রয়োজন ছিল বলে আগে জানিয়েছিল কমিশন। নিয়ম অনুযায়ী, কোনও বুথে ভোটার সংখ্যা ১,২০০ পেরিয়ে গেলে নতুন বুথ তৈরি করা হয়। কিন্তু ভোটার তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা থাকায় আপাতত পুরনো বুথ বিন্যাসই বজায় রাখছে কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই বোঝা যাবে ঠিক কতজন ভোটার কমছেন বা বাড়ছেন, আর তার ওপর ভিত্তি করেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।