ভোটার তালিকায় বাদ যাবে না কোনো বৈধ নাম বাংলায় এসে বড় আশ্বাস দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যে ভোট প্রস্তুতি খতিয়ে দেখার পর এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্টভাবে আশ্বস্ত করেন যে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। গণতন্ত্রের এই উৎসবে বাংলার সকল ভোটার যাতে স্বচ্ছন্দে মতাধিকার প্রয়োগ করতে পারেন, তার ওপর বিশেষ নজর রাখছেন কমিশনের আধিকারিকরা।
নির্বাচন পরিচালনার প্রস্তুতির বিস্তারিত জানিয়ে তিনি বলেন যে রাজ্যে ৮০ হাজারের বেশি পোলিং স্টেশন করা হচ্ছে। প্রতিটি বুথে স্বচ্ছতা বজায় রাখতে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে এবং কোনো বুথেই ১২০০-র বেশি ভোটার রাখা হবে না। এবারের ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি ব্যবহারের পাশাপাশি প্রতিটি বুথে পানীয় জলের সুব্যবস্থা থাকবে। তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে কলেজে বিশেষ প্রচার চালানোর পাশাপাশি প্রতিটি বুথে ভোটার সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে।
ভোটারদের সুবিধার জন্য এবার বুথের বাইরে মোবাইল রাখার সংরক্ষিত স্থান থাকবে, যাতে ভোট দিয়ে বেরিয়েই তারা ফোন সংগ্রহ করতে পারেন। ভোটাররা বাড়ি বসেই ভোটার ইনফরমেশন স্লিপ হাতে পাবেন এবং প্রয়োজনীয় যাবতীয় তথ্য ইসিআইনেট অ্যাপে পাওয়া যাবে। এছাড়া স্বচ্ছতা বজায় রাখতে পোলিং অফিসাররা প্রতি দু’ঘণ্টা অন্তর ভোটের হার জানাবেন। নির্বাচনের ফল প্রকাশের সাত দিনের মধ্যে প্রার্থীরা চাইলে ইভিএম পরীক্ষা করানোর সুযোগ পাবেন। প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য প্রতিটি বুথে হুইলচেয়ার ও সহায়কের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
রাজ্যে আসা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছে। কমিশনের প্রধান লক্ষ্য একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। তবে পশ্চিমবঙ্গে কত দফায় ভোট গ্রহণ করা হবে, তা সম্পূর্ণভাবে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।