ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে হিলিতে বিডিও অফিস ঘেরাও বামফ্রন্টের

দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে ভোটার তালিকা সংশোধন এবং সাধারণ ভোটারদের হয়রানি বন্ধের দাবিতে বড়সড় আন্দোলনে নামল বামফ্রন্ট। সোমবার হিলি ব্লক জুড়ে একটি বিশাল মিছিল বের করার পর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বাম নেতা-কর্মীরা। বামফ্রন্টের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, বিচারাধীন অবস্থায় থাকা ভোটারদের বিষয়টি নিষ্পত্তি না করে কোনোভাবেই নির্বাচন ঘোষণা করা যাবে না।
বিক্ষোভকারীদের মূল দাবি ছিল, ভোটার তালিকা থেকে কেন নাম বাদ দেওয়া হয়েছে এবং কাদের নাম বিচারাধীন রাখা হয়েছে, সেই তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। বাম নেতৃত্বের অভিযোগ, এসআইআর-এর নামে অনেক বৈধ ভোটারকে অহেতুক হয়রানি করা হচ্ছে। তাদের দাবি, দ্রুত যোগ্য ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং অবৈধ ভোটারদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে।
এদিন হিলি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি বিডিও অফিসের সামনে পৌঁছায় এবং সেখানে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয়। সভায় বক্তব্য রাখেন আরএসপি নেতা অর্ণব চৌধুরী এবং সিপিআইএম নেতা কল্যাণ দাস। সভাপতিত্ব করেন রথীন সরকার। কর্মসূচি শেষে বামফ্রন্টের একটি প্রতিনিধি দল বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেন। এই প্রতিনিধি দলে ছিলেন সমীর রায়, শাশ্বতীপদ ঘোষ এবং মহেশ মাহাতো। বামফ্রন্ট নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে যে, ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে।