ভোটার তালিকায় ব্যাপক গরমিল, বাংলায় ৬৩ লক্ষ নাম উধাও হতেই রণংদেহি মমতা

রাজ্যের ভোটার তালিকা থেকে এক ধাক্কায় ৬৩ লক্ষ মানুষের নাম বাদ পড়া এবং আরও ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ রাখার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলায়। শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার এই ভয়াবহ পরিসংখ্যান সামনে আসতেই সরাসরি সংঘাতের পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রাজপথে নামছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৬ মার্চ, শুক্রবার দুপুর ২টো থেকে কলকাতার মেট্রো চ্যানেলে (ধর্মতলা) ধরনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদেই এই অবস্থান কর্মসূচি। শাসকদলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম দফার এই তালিকায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে অনেক নাম যাচাইয়ের প্রক্রিয়া অর্থাৎ ‘বিবেচনাধীন’ পর্যায়ে রয়েছে, তবে তৃণমূল নেতৃত্ব একে বড়সড় ষড়যন্ত্র হিসেবেই দেখছে। আগামী শুক্রবারের এই হাই-ভোল্টেজ ধরনা কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে পারদ চড়তে শুরু করেছে। মেট্রো চ্যানেলের সেই পরিচিত ধরনা মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কী কড়া বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।