ভোটার তালিকা ঘিরে অশান্তি রুখতে তৎপর নবান্ন: জেলাশাসকদের কড়া নির্দেশ

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। আগামীকাল ২৩ মার্চ সন্ধ্যায় সংশোধিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। তালিকা দেখার জন্য সাধারণ মানুষের ভিড় এবং সেই সংক্রান্ত আইনশৃঙ্খলার অবনতি রুখতে রাজ্য সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতর থেকে জেলাশাসকদের বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে।
নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে, তালিকা প্রকাশের সময় বিভিন্ন এলাকায় জনসমাগম থেকে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি জেলার সংবেদনশীল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা এবং পর্যাপ্ত সরকারি কর্মী মোতায়েন রাখার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সুপার ও কমিশনারদের সাথে ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছে রাজ্য। মূলত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা যাতে মাথাচাড়া না দেয়, সেটি নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা।