ভোটার তালিকা থেকে খোদ কাউন্সিলরের পরিবারের ৪ সদস্য উধাও! তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ভোটার তালিকা থেকে খোদ কাউন্সিলরের পরিবারের ৪ সদস্য উধাও! তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে কলকাতা পুরনিগমে এক নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হয়েছে। ৪৪ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর রেহানা খাতুনের নিজের পরিবারের চার সদস্যের নামই উধাও হয়ে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। রাজনৈতিক মহলে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাদ পড়া সদস্যদের মধ্যে রয়েছেন কাউন্সিলরের ছেলে, দুই মেয়ে এবং পুত্রবধূ।

এই ঘটনা সামনে আসতেই নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কাউন্সিলর। মঙ্গলবার নিজ ওয়ার্ডে ভোটারদের সঙ্গে দেখা করার সময় রেহানা খাতুন জানান, পাসপোর্টসহ প্রয়োজনীয় সব বৈধ নথি জমা দেওয়া সত্ত্বেও তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। দুবার শুনানিতে অংশ নেওয়ার পরেও সাপ্লিমেন্টারি তালিকায় তাঁদের নাম ফেরেনি। দীর্ঘদিনের এই জনপ্রতিনিধি জানান, রাজনৈতিক জীবনের শুরুতে তিনি বামপন্থী রাজনীতি করলেও বর্তমানে শাসকদলের সক্রিয় মুখ। তাঁর পরিবারের সদস্যদের নাম এভাবে বাদ পড়ায় তিনি রীতিমতো স্তম্ভিত।

পরিসংখ্যান বলছে, এসআইআর প্রক্রিয়ার আগে এই ৪৪ নম্বর ওয়ার্ডে ভোটারের সংখ্যা ছিল প্রায় ২৫ হাজার। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে প্রায় ৯ হাজার নাম বাদ পড়েছে। বর্তমানে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র সাড়ে ১২ হাজারের কাছাকাছি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে তৃণমূল বড় ব্যবধানে লিড পেয়েছিল। হঠাৎ করে ভোটার সংখ্যা অর্ধেক হয়ে যাওয়ায় শাসক শিবিরের অন্দরে উদ্বেগ বাড়ছে। এই অন্যায়ের বিরুদ্ধে আইনি লড়াই এবং ট্রাইবুনালে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কাউন্সিলর রেহানা খাতুনের স্পষ্ট কথা, ভোট কমলেও তাঁরা লড়াইয়ের ময়দান ছাড়বেন না এবং ন্যায়বিচার ছিনিয়ে আনবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *