ভোটার তালিকা থেকে নাম কাটা গেল বিজেপি নেতার, দত্তপুকুরে তুঙ্গে রাজনৈতিক তরজা

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে জেলা বিজেপি নেতা জয়দেব পালের নাম বাদ যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। আমডাঙা বিধানসভার ২৫০ নম্বর বুথের ভোটার ওই নেতার নাম ‘ডিলিটেড’ হিসেবে তালিকায় দেখা গেছে। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে জয়দেব পাল রাজ্য সরকারি কর্মীদের দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, মাইক্রো অবজার্ভার হিসেবে কর্মরত কর্মীরা চক্রান্ত করে বিজেপি সমর্থকদের ভোট কেটে দিয়েছেন।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেস পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি। তাদের দাবি, এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই সত্যি প্রমাণিত হচ্ছে। এতদিন বিজেপি এই প্রক্রিয়ার পক্ষে সওয়াল করলেও এখন নিজেদের নেতার নাম বাদ পড়ায় তারা বেকায়দায় পড়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার এই বিতর্কিত ইস্যুটি এখন আক্ষরিক অর্থেই বিজেপির জন্য ‘ব্যুমেরাং’ হয়ে দাঁড়িয়েছে।