ভোটার তালিকা থেকে নাম বাদ: দক্ষিণ ২৪ পরগনায় সাড়ে ১৪ হাজার আবেদন জমা, শুনানি আগামী সপ্তাহে

দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ও ‘বিচারাধীন’ রাখার ঘটনায় কয়েক লক্ষ মানুষের মধ্যে ভোটাধিকার নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা অনুযায়ী জেলায় ৫০ হাজারের বেশি নাম বাতিল করেছে কমিশন। এর মধ্যে মাত্র সাড়ে ১৪ হাজার আবেদনকারী নাম পুনর্বিবেচনার জন্য আরজি জানিয়েছেন। জেলা প্রশাসনের মতে, নথিপত্র না থাকায় অনেকেই নতুন করে আবেদনের ঝুঁকি নেননি।
নাম বাতিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে যাঁরা আবেদন করেছেন, তাঁদের উদ্বেগ নিরসনে তৎপর হয়েছে প্রশাসন। আগামী সপ্তাহেই অতিরিক্ত জেলাশাসকের উপস্থিতিতে এই আবেদনকারীদের শুনানির জন্য ডাকা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। আলিপুর সদর কার্যালয় ছাড়াও ব্লক ও মহকুমা শাসকের দফতরে ভিড় জমিয়েছিলেন আবেদনকারীরা। অনেকে ই-মেলের মাধ্যমেও তাঁদের আপত্তির কথা নথিভুক্ত করেছেন।
সংগৃহীত তথ্য অনুযায়ী, জমা পড়া আবেদনের সিংহভাগই এসেছে কাকদ্বীপ, ক্যানিং পশ্চিম, সোনারপুর উত্তর এবং বারুইপুর পশ্চিম এলাকা থেকে। আবেদনকারীদের দাবি, সঠিক নথি থাকা সত্ত্বেও কেন তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। মোট বাতিল হওয়া নামের মাত্র ২৯ শতাংশ ভোটার বর্তমানে আইনি লড়াইয়ের পথে হাঁটছেন। এখন সকলের নজর আগামী সপ্তাহের শুনানির দিকে।