ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে উত্তাল রায়গঞ্জ, জাতীয় পতাকা হাতে পথে বাসিন্দারা

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় রায়গঞ্জের চাপদুয়ার এলাকা। বাহিন ও শীতগ্রামসহ পার্শ্ববর্তী চারটি পঞ্চায়েত এলাকার কয়েকশো বাসিন্দা এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআরের নামে চক্রান্ত করে বৈধ ভোটারদের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হাতে জাতীয় পতাকা ও পোস্টার নিয়ে অরাজনৈতিকভাবে এই আন্দোলনে শামিল হন নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ।
বিক্ষোভের জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ালে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। ডিএসপি পদমর্যাদার আধিকারিক এবং রায়গঞ্জ থানার আইসি ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ বাসিন্দাদের আশ্বস্ত করেন। স্থানীয়দের দাবি, ১৯৭১ সালের নথি থাকা সত্ত্বেও নির্দিষ্ট কারণ ছাড়াই বহু পরিবারের সদস্যদের নাম ডিলিটেড লিস্টে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর উদাসীনতায় বাধ্য হয়েই তারা প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।
ঘণ্টাখানেকের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। অনেক স্কুল শিক্ষক ও স্থায়ী বাসিন্দাদের নাম বাদ পড়ায় প্রশাসনিক গাফিলতির দিকে আঙুল তুলেছেন আন্দোলনকারীরা। অবিলম্বে বৈধ ভোটারদের নাম তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাপদুয়ার ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।