ভোটার তালিকা থেকে বাদ কয়েক লক্ষ নাম, কলকাতায় বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে বড় আপডেট দিল কমিশন

রাজ্যের ভোটার তালিকা সংশোধন নিয়ে বড়সড় তথ্য দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কমিশন সূত্রে জানানো হয়েছে, বর্তমানে প্রায় ৪৮ লক্ষ ভোটারের নাম বিচারাধীন তালিকা থেকে নিষ্পত্তি করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই তালিকায় থাকা নামের মধ্যে প্রায় ৪৫ শতাংশ ভোটারের নাম শেষ পর্যন্ত বাদ পড়েছে। তবে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য আইনি লড়াইয়ের সুযোগ থাকছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই প্রক্রিয়ার জন্য দ্রুত একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তুতি চলছে। আগামী দু-তিন দিনের মধ্যেই এই ট্রাইব্যুনালের কাজ শুরু হতে পারে বলে মনে করছে কমিশন। তবে জেলা স্তরে নয়, আপাতত পরিকাঠামোগত কারণে শুধুমাত্র কলকাতাতেই এই ট্রাইব্যুনাল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ পড়া ভোটাররা এখানেই নিজেদের আবেদন দাখিল করতে পারবেন।
নির্বাচনী কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই জেলা সফরে বেরিয়েছেন বিশেষ অবজার্ভাররা। বাঁকুড়া ও পুরুলিয়া জেলা পরিদর্শনে প্রতিনিধি দল পাঠানো হয়েছে এবং বৃহস্পতিবার থেকে খোদ সিইও মনোজ আগরওয়াল নিজে পরিদর্শন শুরু করবেন। কমিশন স্পষ্ট করেছে যে, অ্যাডজুডিকেশন ও সাপ্লিমেন্টারি তালিকার এই বিশেষ ব্যবস্থাটি সম্পূর্ণভাবে আরপি অ্যাক্টের অন্তর্ভুক্ত এবং সুপ্রিম কোর্টের সরাসরি নির্দেশে পরিচালিত হচ্ছে।