ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন ৬০ লক্ষ মানুষ: বিধানসভা নির্বাচনের আগে বাড়ছে সংশয়

ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন ৬০ লক্ষ মানুষ: বিধানসভা নির্বাচনের আগে বাড়ছে সংশয়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি আরও ঘনীভূত হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, এই তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম অন্তর্ভুক্ত হচ্ছে না। ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ ও ‘আনম্যাপড’ সংক্রান্ত জটিলতায় এই বিপুল সংখ্যক নাম বর্তমানে কলকাতা হাইকোর্ট গঠিত কমিটির অধীনে যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

কমিশন জানিয়েছে, যাচাই করা নামগুলি সরাসরি মূল তালিকায় না ঢুকে অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকায় স্থান পেতে পারে। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে সেই অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। যদি ধাপে ধাপে তালিকা প্রকাশ করা হয়, তবে সময় স্বল্পতার কারণে অন্তত ২০ থেকে ৩০ লক্ষ ভোটারের নাম তালিকার বাইরে থেকে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে প্রযুক্তিগত জটিলতা এবং তথ্য যাচাইয়ের গতির ওপর এই বিশাল সংখ্যক মানুষের ভোটাধিকার নির্ভর করছে। ২০২৫ সালে রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ, যা খসড়া তালিকায় কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লক্ষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকার দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *