ভোটার তালিকা থেকে বাদ হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নাম, ক্ষুব্ধ কোর্টপাড়া

রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় চূড়ান্ত বিভ্রাট। কলকাতা হাই কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি শহিদুল্লাহ মুন্সির নাম বাদ পড়ল অতিরিক্ত ভোটার তালিকা থেকে। কলকাতার এন্টালি কেন্দ্রের ভোটার ওই বিচারপতির পাশাপাশি তাঁর স্ত্রী ও দুই ছেলের নামও বর্তমানে বিবেচনাধীন তালিকায় রয়েছে। বহু গুরুত্বপূর্ণ মামলার রায় দেওয়া একজন বিচারপতির নাম এভাবে বাদ যাওয়ায় আইনি মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, শুনানির সময় পাসপোর্ট, আধার ও প্যান কার্ড জমা দিতে চাইলেও তা নেওয়া হয়নি। পরিবর্তে তাঁকে মৌখিক আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত ‘সাপ্লিমেন্টারি’ তালিকায় তাঁর নাম ‘ডিলিট’ বা বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি মুন্সি হাই কোর্ট নিযুক্ত ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আবেদনের সঠিক পদ্ধতি বা সময়সীমা নিয়ে স্পষ্ট নির্দেশিকা না থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রশ্ন তুলেছেন, একজন প্রাক্তন বিচারপতির নাম অন্তর্ভুক্তিতে যদি এমন জটিলতা তৈরি হয়, তবে সাধারণ মানুষের ভোগান্তি কতখানি হতে পারে। বর্তমানে এই ভোটাধিকার ফিরে পেতে তিনি ট্রাইব্যুনালের রায়ের অপেক্ষায় রয়েছেন। পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।