ভোটার তালিকা থেকে বিপুল নাম বাদ: নন্দীগ্রামে ক্ষোভের মুখে মুখ্য নির্বাচনী আধিকারিক

ভোটার তালিকা থেকে বিপুল নাম বাদ: নন্দীগ্রামে ক্ষোভের মুখে মুখ্য নির্বাচনী আধিকারিক

রবিবার নন্দীগ্রামের দক্ষিণ কেন্দামারিতে বুথ পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের তীব্র ক্ষোভের মুখে পড়েন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষের নাম বাদ পড়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাঁর কনভয় আটকে বিক্ষোভ দেখান। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে কয়েক হাজার ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রশ্ন তোলেন।

বিক্ষোভকারীদের প্রশ্নের জবাবে সিইও জানান, ভোটার তালিকা সংশোধনের বিষয়টি এখন সম্পূর্ণ বিচার বিভাগের অধীনে। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসারদের মাধ্যমে নাম বাদ যাওয়ার পর জেলা নির্বাচনী আধিকারিক বা সিইও-র নতুন করে নাম অন্তর্ভুক্ত করার কোনো এক্তিয়ার নেই। বাদ পড়া ভোটারদের পুনরায় আবেদনের মাধ্যমে বিচার বিভাগীয় প্রক্রিয়ায় সমাধান খুঁজতে হবে বলে তিনি সাফ জানিয়ে দেন।

নন্দীগ্রাম বিধানসভায় প্রায় ১৬ হাজার ভোটারের নাম অ্যাডজুডিকেশনে ছিল, যার মধ্যে অনেকের নামই সাপ্লিমেন্টারি লিস্টে জায়গা পায়নি। এমনকি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসা বাসিন্দাদের নামও এবার কাটা পড়েছে। এই পরিস্থিতিতে সকালে তমলুকে আয়োজিত সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংখ্যালঘু এলাকায় ভোটার তালিকা বিভ্রাটের বিষয়টি উত্থাপন করে দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *